প্রান্তিক শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের আহ্বান



 

লিডোর আয়োজনে সমাজসেবা অধিদপ্তরে গোলটেবিল বৈঠক, বিশেষজ্ঞ ও শিশুদের সরাসরি অংশগ্রহণে উঠে এলো জন্মনিবন্ধন, শিক্ষা ও অধিকার নিশ্চিতে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা



প্রান্তিক ও বিপদাপন্ন শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের দাবিতে আজ ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এক গোলটেবিল বৈঠক। অনুষ্ঠানটির আয়োজন করে লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) এর ইয়াং জার্নালিজম প্রজেক্ট। সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠকে সরকারি-বেসরকারি সংস্থা, জাতীয় ও আন্তর্জাতিক শিশু সুরক্ষা প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সংবাদকর্মী এবং লিডোর ইয়াং জার্নালিজম প্রজেক্টের শিশু প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত এবং ২০২৫ সালের জুলাই মাসে বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে নিহত শিশু, শিক্ষক ও কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন লিডো পিস হোমের নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন। আলোচনায় সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা ইউনিটের প্রতিনিধি, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকসহ প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা সমাজের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ শিশুদের উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নের গুরুত্বের ওপর জোর দেন। তাদের মতে, শিশুদের চিন্তা, মতামত ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে একটি টেকসই সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব।

লিডোর তরুণ সাংবাদিক আক্তার, মাহফুজা সুলতানা মুন্নি, শিউলি আক্তার, সাথি আক্তার ও তাহমিনা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জন্মনিবন্ধন, বিদ্যালয়ের অন্তর্ভুক্তি, স্বার্থ-সুবিধা ও স্বাধীনতা নিয়ে কথা বলেন এবং ৫৪ বছর পরও পথশিশুদের অধিকার নিশ্চিত না হওয়ার সমালোচনা করেন। এছাড়া তারা উল্লেখ করেন যে জুলাই-আগস্টে নিহত পথশিশুদের প্রকৃত সংখ্যা এখনও অজানা। বৈঠকে সরকারি-বেসরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিশু সুরক্ষা বিশেষজ্ঞরা শিশুদের প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যৎ নীতিমালায় তাদের মতামত অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।

সমাপনী বক্তব্যে ফরহাদ হোসেন আশা প্রকাশ করেন যে এই জার্নালিজম প্রজেক্ট শিশুদের বিকশিত হতে সহায়তা করবে। তিনি বলেন, শিশুরা সরকারের নীতি নির্ধারণের পর্যায়ে নিজেদের অধিকার সংক্রান্ত দাবি উপস্থাপন করে প্রান্তিক জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনার সারমর্মে উপস্থিত প্রতিনিধিরা একমত হন যে আজকের এই গোলটেবিল বৈঠক প্রান্তিক শিশুদের উন্নয়নে নীতি নির্ধারণের প্রক্রিয়ায় তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে এবং সমাজের বিভিন্ন স্তরের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতে শিশু অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)