সড়ক নিরাপত্তায় অসামান্য অবদান: নিসচা বিশেষ সম্মাননায় ভূষিত লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Uploaded Image


নিজস্ব প্রতিবেদক:
সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নিসচা বিশেষ সম্মাননা ২০২৬’ এ ভূষিত হয়েছেন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল। গত ৭ আগস্ট (শুক্রবার) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত নিসচা’র ১১তম মহাসমাবেশে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন। নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের সভাপতিত্বে এবং মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে নিসচা’র জেলা ও উপজেলা প্রতিনিধি, আজীবন সদস্য, উপদেষ্টামণ্ডলী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিসচা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব দক্ষতা ও প্রশংসার সাথে পালন করে আসছেন। তিনি নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এই শাখার উপদেষ্টা হিসেবে কর্মরত। কেন্দ্রীয় কমিটিতে তিনি নির্বাহী সদস্য, প্রচার সম্পাদক এবং আটবার যুগ্ম-মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ২০২২-২৩ মেয়াদের কমিটিও রয়েছে এবং বর্তমানে তিনি ২০২৬-২৭ কার্যমেয়াদের নির্বাহী কমিটিতেও যুগ্ম মহাসচিব হিসেবে যুক্ত আছেন। সড়ক দুর্ঘটনা নিরসনে এবং নিরাপদ সড়ক বিষয়ে গণসচেতনতা তৈরিতে বিভিন্ন সভা-সেমিনারে বক্তৃতা ও গণমাধ্যমে কলাম লিখে তিনি বিশেষ অবদান রেখে চলেছেন।

নিসচা ছাড়াও লায়ন মোঃ গনি মিয়া বাবুল দীর্ঘদিন যাবত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে আসছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলভিন জোন ফেলো-এমজেএফ উপাধিসহ দুই শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। পেশায় শিক্ষক হলেও তিনি গণমাধ্যমে নিয়মিত কলাম, প্রবন্ধ, কবিতা ও ছড়া লিখে দেশের সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গনে এবং গণমাধ্যমে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।

১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন ও মহীয়সী নারী আয়েশা খাতুনের সন্তান তিনি। তার নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, শিশু গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। পিতার নামে প্রতিষ্ঠিত ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি গাজীপুরের শ্রীপুরে অসহায় মানুষকে সহায়তাসহ নানা জনহিতকর কাজ করে আসছেন। ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত এই গুণী ব্যক্তি সংবাদপত্র ও সংবাদকর্মীদের পৃষ্ঠপোষকতায়ও বিশেষ অবদান রেখেছেন। তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, কার্যকরী সভাপতি ও স্থায়ী পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিরাপদ নিউজের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্বরত। এছাড়াও, প্রায় ছাব্বিশ বছর ধরে তিনি কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান হিসেবে এবং লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল এই সম্মাননায় ভূষিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Post a Comment

0 Comments