প্রান্তিক জেলেদের অধিকার রক্ষায় অঙ্গীকার: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক





ঢাকা: রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয় এবং দেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির ছয়জন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত। সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নান্নু মিয়া ও মোহাম্মদ বাশার বাগার এবং সাংগঠনিক সম্পাদক পদে নাসির উদ্দিন মহাজন নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার রক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে সংগঠনকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, মৎস্য খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দম হোসেন। এছাড়া অনুষ্ঠানে মৎস্যজীবী সমিতির মহাসচিব আলহাজ্ব ইকবাল হোসেন এবং বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ বামনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর)। সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ বছর ধরে এই সংগঠন প্রান্তিক জেলেদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে দক্ষতার সঙ্গে কাজ করে যাবে। তিনি এই লক্ষ্য পূরণে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন এবং সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন। সমাপনী বক্তব্যে সভাপতিত্বকারী অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন উপস্থিত সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি দ্রুত প্রান্তিক জেলেদের মৌলিক সমস্যা নির্ণয় করে সমাধানের লক্ষ্যে সকলে মিলে সরকারের নিকট দাবি পেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments