মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃদ্ধার জমি ফিরিয়ে দিলেন কক্সবাজারের ডিসি মান্নান



কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান এক বৃদ্ধার ন্যায্য জমি ফিরে দিয়ে মানবিকতা ও দায়িত্ববোধের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। সখিনা নামের ওই বৃদ্ধার নিজের ছেলে প্রতারণার মাধ্যমে তার জমি নিজের নামে লিখে নেন। স্থানীয় পর্যায়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও বিচার না পেয়ে দীর্ঘদিন ধরে তিনি ন্যায়বিচারের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরছিলেন।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তিনতলা সিঁড়ি বেয়ে ওঠার সময় সখিনাকে দেখে থেমে যান ডিসি মান্নান। তিনি দাঁড়িয়ে পুরো ঘটনাটি শোনেন এবং সঙ্গে সঙ্গে নিজেই এলএ শাখায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। সব দিক যাচাই করে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

সরকারের চলমান ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবেই জেলা প্রশাসন নিয়মিত ভূমি বিরোধ সমাধান করছে। দায়িত্ব পালনের পাশাপাশি ডিসি মান্নান যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

ঘটনা জানাজানি হলে কার্যালয়ে থাকা ভুক্তভোগীরা বিস্মিত হন ডিসির মানবিক আচরণে। সখিনার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ায় জেলার সাধারণ মানুষ তাকে 'মানবিক ডিসি' খেতাবে ভূষিত করেছেন।

শুধু সখিনা নন—জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে অসহায়, দরিদ্র, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী, ঝুঁকিপূর্ণ রোগী, কারাবন্দি ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন মো. আব্দুল মান্নান। অনেককে তিনি ব্যক্তিগত উদ্যোগে ও সরকারি অনুদানের মাধ্যমে সহায়তাও দিয়েছেন।

সখিনা বলেন, "ডিসি স্যার একজন অভিভাবক ও মানবিক নেতার মতো আমার সমস্যাটি দেখেছেন। তাঁর জন্যই ন্যায়বিচার পেয়েছি।"

কক্সবাজারের সচেতন নাগরিকরা জানান, মানুষের পাশে এমন মানবিক জেলা প্রশাসকই প্রয়োজন। প্রশাসনে পরিবর্তন আনার পর অনেক দপ্তরের দুর্ভোগ কমে গেছে। তারা আশা প্রকাশ করেন—অন্যান্য জেলা প্রশাসকরাও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবেন।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারকে একটি সুশৃঙ্খল ও জনবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ডিসি মান্নান।

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর মো. আব্দুল মান্নান কক্সবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। ১৯৮৪ সালে কক্সবাজার মহকুমা থেকে জেলা হিসেবে রূপান্তরিত হওয়ার পর এখন পর্যন্ত ২৫ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন।

২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা কক্সবাজারের ২৬তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের প্রাইভেট সেক্রেটারি (উপ-সচিব) হিসেবে দায়িত্বে ছিলেন।

Post a Comment

0 Comments