নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলমের বিরুদ্ধে একটি চক্র অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাকে এবং সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জানা গেছে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে হেয় প্রতিপন্ন করতে এই অপপ্রচারে লিপ্ত রয়েছে। তাদের ছড়ানো তথ্য বিভ্রান্তিকর বলে দাবি করা হচ্ছে।
প্রকৌশলী খন্দকার মাহবুব আলমের কর্মজীবন পর্যালোচনা করে দেখা যায়, তিনি ২০০১ সালের নভেম্বর মাসে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করেন। যোগদানের পর থেকে অদ্যাবধি তিনি অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সততার সাথে আইন ও বিদ্যমান বিধিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনের ধারাবাহিকতায় তিনি ২০১৪ সালের ২ অক্টোবর নির্বাহী প্রকৌশলী পদে এবং ২০২০ সালের ২৫ জুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি পান। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) হিসেবে কর্মরত আছেন। চলতি বছরের ১০ মার্চ এক অফিস আদেশের প্রেক্ষিতে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী-১ এর দায়িত্বভার অর্পণ করা হয়। তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী-১ হিসেবে পদোন্নতি পাননি, বরং এটি তার অতিরিক্ত দায়িত্ব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা খন্দকার মাহবুব আলমের ভূয়সী প্রশংসা করেছেন।
এ বিষয়ে খন্দকার মাহবুব আলম বলেন, "গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশ হয়েছে তা বিভ্রান্তিকর। আমাকে হেয় করতে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচারে নেমেছে। আমি সাংবাদিকদের প্রতি প্রকৃত তথ্য সম্বলিত সংবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি।"
0 Comments