মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে অনিয়মের অভিযোগ, রুটিন দায়িত্বে থাকা মহাপরিচালক বিতর্কে



মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে (এসএসডিআই) রুটিন দায়িত্বে থাকা মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একাধিক সূত্র ও অডিট রিপোর্টের তথ্যের বরাত দিয়ে এ অভিযোগ জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র জানায়, সম্প্রতি ইনস্টিটিউটটিতে ৩৭ জন অনিয়মিত শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিধি বহির্ভূত পদ্ধতি অনুসরণের অভিযোগ ওঠে। মহাপরিচালকের সংযুক্ত কর্মকর্তা মো. ফারুক হোসেনের নিজ এলাকা ইসবপুর ইউনিয়ন থেকেই নয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের ২০২২–২৩ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কার্যক্রমে অনিয়ম ও আর্থিক অসঙ্গতির ইঙ্গিত পাওয়া গেছে। ওই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন ড. বেগম সামিয়া সুলতানা।

ড. সামিয়া সুলতানার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয় বলে দাবি করেছেন কিছু কর্মকর্তা। তাদের ভাষায়, অতীতেও তিনি বিভিন্ন প্রকল্পে অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন বলে অডিট প্রতিবেদনে উল্লেখ ছিল। তবে এসব অভিযোগের কোনও আনুষ্ঠানিক তদন্ত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক ড. সামিয়া সুলতানা সাংবাদিকদের বলেন,

"সরকার আমাকে ৫ আগস্টের পর রুটিন দায়িত্বে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। আমি পেশাদারিত্বের সঙ্গে কাজ করছি। কিছু ব্যক্তি প্রতিষ্ঠানটিকে অস্থিতিশীল করার জন্য অপপ্রচার চালাচ্ছে।"

প্রসঙ্গত, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সাম্প্রতিক এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সুনাম ও কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত স্বচ্ছ তদন্তের মাধ্যমে এসব অভিযোগ যাচাই করা জরুরি।

Post a Comment

0 Comments